আন্তর্জাতিক ডেস্ক- আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি সরকারকে হারাতে জোট গঠনের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর মোদির বিরুদ্ধে জোট গঠনের মত দেন মমতা।
পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর প্রথমবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন মমতা। সেখানে উপস্থিতি ছিলেন রাহুল গান্ধীও। আলোচনায় নানা বিষয় উঠে আসে।
৪৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বলেন,কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে হারাতে সকলকে একজোট হতে হবে। একসঙ্গে কাজ করতে হবে। আমি একা কিছু করতে পারব না।
বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিরোধীরা একজোট হয়ে লড়ার পরিকল্পনা করছে। সেই প্রেক্ষাপটে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, আমি রাজনৈতিক জ্যোতিষী নই। বিজেপি বিরোধী প্রধান নেতা কে হবেন তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে অন্য কেউ প্রধান বিরোধী মুখ হলে আমার কোনো আপত্তি নেই।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জবাবের মধ্য দিয়ে মমতা যেমন জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী নেতা হয়ে ওঠার প্রশ্নে ‘হ্যাঁ’ বলেননি, আবার ‘না’ ও বলেননি।
