করোনায় মৃত্যুতে অতীতের সব রেকর্ড ভাঙল আজ

নজর২৪, ঢাকা- করোনায় মৃত্যু যেন লাফিয়ে বাড়ছে। আর লাগামহীনভাবে ছুটছে করোনা শনাক্তের সংখ্যাও। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা ২৫৮ জনে ঠেকেছে, ​যা একদিনে সর্বোচ্চ। এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১৪ হাজার ৯২৫ জনের দেহে।

 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৭৫২ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৭৯ জনের।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

 

এর আগে, গতকাল সোমবার (২৬ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন।

 

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

 

বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *