নজর২৪ ডেস্ক- কঠোর বিধিনিষেধে ঈদের পরও পোশাক কারখানা খোলা রাখতে চান শিল্পমালিকরা। তাদের দাবি, কারখানা বন্ধ থাকলে বায়াররা তাদের অর্ডার বাতিল করে দেবে।
গত ১ জুলাই থেকে চলমান লকডাউনে জরুরি সেবা হিসেবে পোশাক কারখানা খোলা রাখা হলেও ঈদের পর ২৩ জুলাই থেকে সব শিল্প ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত জানিয়েছে সরকার।
তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে কারখানা খোলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে পোশাকশিল্প মালিকদের বেশ কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার সচিবালয়ের ওই সাক্ষাতে উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিটিটিএলএমইএ এবং বিজিএপিএমইএর নেতারা।
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিল্পকারখানা খোলা রাখার দাবি জানিয়েছি। মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়েছেন, শনিবার তারা বিষয়টি নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
দাবিটি সরকার বিবেচনা করে কারখানা খোলা রাখার অনুমতি দেবে বলেও আশা তাদের।
ফারুক হাসান বলেন, ‘যদি পোশাক কারখানা লকডাউনে খোলা রাখা না হয়, তাহলে বায়াররা অর্ডার বাতিল করে অন্য দেশের প্রতি ঝুঁকে যাবে। এতে দেশের পোশাকশিল্প খাত হুমকির মুখে পড়বে।’





