নজর২৪ ডেস্ক- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ছে কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৪ জুলাই) বিকালে সংগঠনটির কেন্দ্রীয় আমেলার বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে জমিয়তের পুরানা পল্টন কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। জোহরের নামাজের পরই দলীয় বৈঠক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি জোট ছাড়ার বিষয়ে ঘোষণা আসার বিষয়টি নিশ্চিত করেন দলটির যুব জমিয়ত নেতা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম।
জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা গতকাল (মঙ্গলবার) রাতে বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়। এজন্য দলটির পল্টনের কেন্দ্রীয় অফিসে বিকালে এক সংবাদ সম্মেলন ডেকেছে।
জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া উপস্থিত থেকে এ ঘোষণা দেবেন।
জানা গেছে, জমিয়তের প্রথম সারির বেশ কয়েকজন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জুনায়েদ আল হাবিব, শাহীনুর পাশা চৌধুরী, মনজুরুল ইসলাম আফেন্দি, মনির হোসেন কাসেমী, খালিদ সাইফুল্লাহ সাদী ও মোহাম্মদ উল্লাহ জামী।
দলটি চাপে পড়ে বিএনপি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতা কর্মীদের মামলা থেকে মুক্তি, কারাগারে থাকা নেতাদের জামিনসহ বিভিন্ন বিষয়ে সমঝোতার ভিত্তিতে বিএনপি জোট ছাড়তে রাজি হয়েছেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলন প্রসঙ্গে দলটির যুব জমিয়ত নেতা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম বলেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিষয়ে দলের শীর্ষ নেতারা কথা বলবেন। মাদ্রাসা খোলা, কোরবানির বিষয়গুলোও থাকবে আলোচনায়।
এ বিষয়ে জানতে চাইলে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন বুধবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আজকে আমাদের বিশেষ আমেলার বৈঠক রয়েছে। কয়েকজন মুরব্বি এখনও এসে পৌঁছাননি। তারা আসলেই বৈঠক শুরু হবে।
জমিয়ত আজ ২০ দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কি না- এ বিষয়ে তিনি বলেন, এমনটিই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিকালের মধ্যে প্রেস রিলিজ পাঠিয়ে দেব।
