১৯ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস-দেওয়ার নির্দেশ

নজর২৪, ঢাকা- আগামী ১৯ জুলাইয়ের মধ্যে পোশাক খাতের শ্রমিকদের বেতন বোনাস দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

 

মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। আরএমজি ট্রাইপার্টিয়েট কনসালটেটিভ কমিটির (টিসিসি) ওই সভায় কারখানা মালিক, শ্রমিক প্রতিনিধি ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বেগম মন্নুজান সুফিয়ান বলেন, মন্ত্রণালয় এর আগে নিজ উদ্যোগে শ্রমিকদের বেতন-বোনাস আদায় করেছে। এবার ইতোমধ্যে বেতন দেয়া শুরু হয়েছে, অধিকাংশ কারখানাই বেতন দিয়েছে শ্রমিকদের। কিছু কারখানা বাকি রয়েছে, একই সঙ্গে বোনাসও দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। কারখানা ছুটির আগেই শ্রমিকদের বোনাস পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করেই কারখানা ছুটি দেবে মালিকপক্ষ।

 

বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হলে আইনের আশ্রয় নেয়া হবে বলেও জানান তিনি।

 

কারখানায় ছুটি ও পরবর্তী বন্ধ নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এবার কোভিড আক্রান্তের সংখ্যা অন্যবারের চেয়ে ভয়াবহ। এর আগে মৃত্যু ও আক্রান্ত কম ছিল, এবার তা ভয়াবহ আকার নিয়েছে। এ অবস্থায় এবারের ঈদে কারখানার শ্রমিকরা বাড়িতে যাবেন বলেই মনে হচ্ছে।

 

তিনি বলেন, ঈদের সরকারি ছুটির সাথে মিলিয়ে গার্মেন্টসসহ সকল শিল্প সেক্টরের শ্রমিকদের বদলি ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নিবেন।

 

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহসভাপতি মো. নাছির উদ্দিন, বিকেএমইএ এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এর সাধারণ সম্পাদক কামরুল হাসান, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, নাজমা আক্তার প্রমুখ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *