গ্রামে যাওয়া কর্মচারীদের ঢাকায় না আসার অনুরোধ

নজর২৪, ঢাকা- মানুষের জীবন-জীবিকার পাশাপাশি কোরবানির ঈদকে কেন্দ্র করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৫ জুলাই থেকে চলমান বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। বিধি-নিষেধ শিথিল হলে খুলে দেওয়া হবে শপিংমলসহ দোকানপাট।

 

তবে চলমান লকডাউনে শপিংমল ও দোকানপাটে কাজ করা যেসব কর্মচারী ইতোমধ্যে ঢাকা থেকে গ্রামে চলে গেছে তাদেরকে ঢাকা না আসতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

 

সোমবার (১২ জুলাই) দোকান খোলার প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

 

হেলাল উদ্দিন বলেন, আগামী ১৫ জুলাই থেকে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা হবে। মাত্র চার থেকে পাঁচ দিনের জন্য আমরা দোকান খোলা রাখতে পারব। তাই এমন অবস্থায় যেসব কর্মচারী ঢাকায় রয়েছে তাদের নিয়েই আমরা ব্যবসা পরিচালনা করতে চাই।

 

তিনি বলেন, ঢাকার বাইরের কর্মচারীরা মাত্র কয়েকদিনের জন্য ঢাকায় আসলে আবার ঈদের ছুটিতে বাড়িতে যাবে। ফলে তাদের দুর্ভোগে পড়তে হবে। এজন্য যারা গ্রামের বাড়ি চলে গেছেন তাদেরকে নিজ নিজ জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি।

 

উল্লেখ্য, এর আগে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শিথিল লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব ধরনের গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

 

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউনে যাবে দেশ।

 

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *