ঈদের পর আবারও সারাদেশে ‘কঠোর লকডাউন’

নজর২৪, ঢাকা- কোরবানি ঈদ ও পশুর হাট বিবেচনায় নিয়ে সরকার আরোপিত বিধিনিষেধ বা লকডাউন আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করবে সরকার।

 

সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

 

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে।

 

এর আগে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব ধরনের গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

 

১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের লকডাউনে যাবে দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

একজন কর্মকর্তা বলেন, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *