Home প্রধান খবর করোনায় ভয়াবহ বিপর্যয়ে দেশ, ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু

করোনায় ভয়াবহ বিপর্যয়ে দেশ, ২৪ ঘণ্টায় রেকর্ড ২৩০ জনের মৃত্যু

0
59

নজর২৪, ঢাকা- মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।

 

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৮৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

 

একদিনে করোনায় এত মৃত্যু ও শনাক্ত এর আগে দেখেনি বাংলাদেশ।

 

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ জন ৫০১ জন।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৬ জন। এছাড়া খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

 

মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৯৭ জন নারী। এদের মধ্যে ১৯ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৪১৯ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন এবং নারী ৪ হাজার ৯১১ জন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১, ৪১ থেকে ৫০ বছরের ৪২, ৩১ থেকে ৪০ বছরের ১৯ এবং ২১ থেকে ৩০ বছরের ৭ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here