আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ যেন বাজপাখি, অবাক বিশ্ব

স্পোর্টস আপডেট ডেস্ক- ১৯৯০ বিশ্বকাপে গোলপোস্টের নিচে নায়ক বনে গিয়েছিলেন সের্জিও গয়কোচিয়া। যদিও ট্রফিটা ছোয়া হয়নি তখন ম্যারাডোনার। এবার ২০২১ কোপা আমেরিকায় নায়ক আরেক গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়ে ফাইনালে নিয়ে গেলেন যে তিনিই।

 

তার বদৌলতেই এখন ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল হচ্ছে। জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির ট্রফি জয়ের স্বপ্নটাও টিকে থাকলো এই ইমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে। টাইব্রেকারে তিন তিনটা শট প্রতিহত করলেন তিনি। স্নায়ুক্ষয়ী সময়ে তিনটি শট রুখে দেয়া কম কথা নয়। সেই কাজটি নিপুণভাবে করলেন ইমিলিয়ানো মার্টিনেজ।

 

কলম্বিয়ার বিপক্ষে সেমিতে অবশ্য কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। মেসির পাসে লাউতারো মার্তিনেজের গোলে। এরপর কলম্বিয়া ম্যাচে ফেরে প্রবলভাবে। প্রথমার্ধে দুটি প্রচেষ্টা প্রতিহত হয় বারে ও পোস্টে। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ঠিকই। ম্যাচজুড়ে দারুণ খেলা দিয়াজের দুর্দান্ত এক গোলে।

 

নির্ধারিত সময়েই ম্যাচ জিততে পারত আর্জেন্টিনা। কিন্তু হয়নি। ডি মারিয়া অবিশ্বাস্যভাবে পেলেন না গোলের দেখা। মেসির শট লাগলো পোস্টে। ম্যাচ তাই গড়ালো টাইব্রেকারে।

 

তখনই ’৯০-র গয়কোচিয়া ফিরলেন মার্তিনেজে। কলম্বিয়ার ৫টি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। তিন পেনাল্টি শট ঠেকিয়ের নায়কে পরিণত হলেন আর্জেন্টাইন গোলরক্ষক।

 

টাইব্রেকারে কলম্বিয়া প্রথম শট নেন কুয়াদ্রাদো। ঠেকাতে পারেননি মার্টিনেজ, গোল। ১-০। আর্জেন্টিনার হয়ে প্রথম শট নেন মেসি, দুর্দান্ত শট। চোখের পলকে এটাও গোল। ১-১।

 

কলম্বিয়ার দ্বিতীয় শট নিতে আসেন ডেভিনসন সানচেজ। বাম পাশে ঝাঁপিয়ে পড়ে সানজের শট ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। ১-১। আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসেন রদ্রিগো ডি’পল। খুবেই বাজে শট। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না। ১-১।

 

কলম্বিয়ার তৃতীয় শট নিলেন, ইয়েরি মিনা। আবারও ঝাঁপিয়ে পড়ে মিনার শট ফিরিয়ে দিলেন মার্টিনেজ। গোল হলো না। ১-১। আর্জেন্টিনা তৃতীয় শট নিলেন লিয়ান্দ্রো পেরেডেস। ডেভিড ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারলেন না। গোল। ১-২।

 

কলম্বিয়ার চতুর্থ শট নিতে আসেন মিগুয়েল বোরজা। এটি ঠেকাতে পারলেন না মার্টিনেজ। গোল। ২-২। আর্জেন্টিনা চতুর্থ শট নেন লওতারো মার্টিনেজ, এটিও গোল হয়ে গেলো। ওসপিনা ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি। ২-৩।

 

এবার নিজেদের শেষ শট নিতে আসেন কলম্বিয়ার ১০ নম্বর জার্সিধারী ফুটবলার এডউইন করডোনা। তার দুর্বল শটটিও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিলেন মার্টিনেজ। শট ঠেকিয়েই জয়ের আনন্দে দৌড় দিলেন মার্টিনেজ। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন মেসিরা। কোপার ফাইনালে ওঠার আনন্দের মধ্যমনি হয়ে গেলেন মার্টিনেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *