পৌর মেয়রের বাড়িতে অভিযান: কোটি টাকা, অস্ত্র ও মাদকসহ স্ত্রী আটক

নজর২৪, রাজশাহী- রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে নগদ টাকা, অস্ত্র ও মাদক পাওয়া গেছে। মঙ্গলবার (০৬ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার বাসায় অভিযান চালায় বাঘা থানা পুলিশ।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মেয়র মুক্তার আলী। তবে স্ত্রী জেসমিন বেগমসহ মেয়রের দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।

 

বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রাজশাহীর বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে গতকাল মঙ্গলবার (৬ জুলাই) গভীর রাতে অভিযানে যায়। এসময় পৌর মেয়র পালিয়ে গেলেও তার বাড়িটিতে তল্লাশি চালানো হয়।

 

এসময় চারটি বিদেশি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া না গেলেও বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে। পরে এসপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন রাজশাহী জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *