Home আন্তর্জাতিক ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

0
74

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে। রোববার স্থানীয় সময় ভোররাত ২টার কিছুক্ষণ আগে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

 

একে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে প্রথম ড্রোন হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ।

 

বিস্ফোরণে আইএএফের দুই সদস্য আহত হয়েছেন, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।

 

জম্মু ও কাশ্মীর অঞ্চলের পুলিশ মহাপরিচালক দিলবাগ সিং রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, বিস্ফোরণের জন্য ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল। এটা মূলত সন্ত্রাসী হামলা।

 

এক টুইট বার্তায় ভারতীয় বিমান বাহিনী জানায়, রোববার ভোরে জম্মুতে বিমান বাহিনীর স্টেশনের কারিগরি শাখায় দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি বিস্ফোরণে বিমান ঘাঁটির ভবনের ছাদ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিস্ফোরণ খোলা জায়গায় ঘটে।

 

এদিকে এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

 

জম্মুর ওই বিমানঘাঁটি ও পাকিস্তানের সীমান্তের মধ্যে দূরত্ব ১৪ কিলোমিটার। আর ড্রোনের সাহায্যে ১২ কিলোমিটার পর্যন্ত অস্ত্র ফেলা যেতে পারে।

 

দিলবাগ সিং বলেন, আরেকটি জায়গা থেকে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কাশ্মীরের কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here