Home জাতীয় ‘ক্ষুধার্ত মানুষকে লকডাউন দিয়ে ঘরে আটকে রাখা যায় না’

‘ক্ষুধার্ত মানুষকে লকডাউন দিয়ে ঘরে আটকে রাখা যায় না’

0
67

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লকডাউন জারির আগে দেশের হতদরিদ্র মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

 

তিনি বলেছেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন সফল হবে না। কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সঙ্গে চলে না।

 

শনিবার (২৬ জুন) দুপুরে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

 

গোলাম মোহাম্মদ কাদের বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না, প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার খেতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও।

 

লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এসব পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

 

মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন জিএম কাদের। তিনি বলেন, পাশাপাশি হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেন চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here