নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্য শিক্ষার্থীদের জামিনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চাইলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে উপাচার্যের বাজেট বক্তৃতার ওপর আলোচনায় এ সহযোগিতা চান তিনি।
সিনেটের ছাত্র প্রতিনিধি নুরুল হক নুর বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নেই। কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করতে হলে আগে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পুলিশকে অনুমতি নিতে হতো। ইদানীং আমরা দেখতে পাচ্ছি, পুলিশ অনুমতি ছাড়াই টিএসসি থেকে ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তিনজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যায়।
ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনের অবদান স্মরণ করে তিনি বলেন, আখতার রোজার সময় টিএসসির ভাসমান মানুষদের খাবার দিয়েছিলেন। খাবার বিতরণ শেষে ফেরার পথে তিনি গুম হন। পরে তাকে গ্রেফতার করা হয়। আমি ভিসি ও প্রক্টরকে জানালেও এ বিষয়ে অভিভাবক সুলভ ভূমিকা পাইনি।
নুর বলেন, ইতোমধ্যে পরীক্ষার ঘোষণা এসেছে। তাদের জামিনের জন্য স্মারকলিপি দিলেও সেটির কোনো রেসপন্স করা হয়নি। উপাচার্য ‘রিসিভড’ কপি দিলে সহজে জামিন পাওয়া যেত। এ ব্যাপারে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এসময়য় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ডাকসু নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন স্বার্থক হতো। এই ধারাবাহিকতা রক্ষায় উপাচার্য যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা রাখছি।’
এদিকে ২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করা হয়েছে।
অধিবেশনে বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ। অধিবেশনে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজজামানসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন। তবে সিনেটের সদস্য পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ অধিবেশনে কোনো শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
