আজিজের বিদায়, সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন

নজর২৪, ঢাকা- দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

গণভবনে বৃহস্পতিবার (২৪ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়। এর মধ্য দিয়ে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি।

 

আগামী তিন বছর বাংলাদেশ সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। এর আগে তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

এর আগে গত ১০ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদকে নিয়োগ দেওয়া হয়।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

 

তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

 

জানা যায়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মেয়াদ শেষ হচ্ছে আজ ২৪ জুন। তিনি ২০১৮ সালের ১৮ জুন নিয়োগপত্র পান। আর ২৫ জুন থেকে তিন বছরের জন্য তা কার্যকর হয়।

 

উল্লেখ্য, খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কিউএমজি করে সেনা সদরে নিয়ে আসা হয়।

 

এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। পরে তাকে অ্যার্টডকের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি লজিস্টিকস এরিয়া, পদাতিক ব্যাটালিয়ন, পদাতিক ব্রিগেডসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের ভ‚মিকায় দায়িত্ব পালন করেছেন।

 

১৯ পদাতিক ডিভিশনের জিওসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবেও তিনি কাজ করেছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন শফিউদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *