Home প্রধান খবর আমি একজন সমাজসেবক, রিমান্ড দিলে বাঁচব না: আদালতে নাসির

আমি একজন সমাজসেবক, রিমান্ড দিলে বাঁচব না: আদালতে নাসির

0
84

নজর২৪, ঢাকা- করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। দয়া করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।

 

বুধবার (২৩ জুন) ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালতে রিমান্ড শুনানিকালে আদালতকে এমন অনুরোধ করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

 

এসময় নাসির বলেন, ‘স্যার আমার বয়স ৬৫ বছর। আমি এজমাসহ বিভিন্ন রোগে ভুগছি। করোনার আগে ৯ দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে রিমান্ড দিলে আমি বাঁচব না। আমি একজন সমাজসেবক। তাছাড়া আমি উত্তরা ক্লাবের সভাপতি ছিলাম। সাভার বোট ক্লাবের সদস্য। আমি কোনো ঝামেলায় ছিলাম না। কাইন্ডলি আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিন।’

 

মাদক মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।

 

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন ফরম কর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

 

তিনি জানান, বুধবার ৭ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন।

 

উল্লেখ্য, গত ১৫ জুন নাসির-অমিকে ডিবি পুলিশের করা মাদক মামলায় ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসী এ আদেশ দিয়েছিলেন।

 

এর আগে গত ১৪ জুন দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের ১৮ নম্বর বাসায় অভিযান চালিয়ে ৩ নারীসহ গ্রেপ্তার করা হয় নাসির ও অমিকে।

 

গ্রেপ্তারের সময় ওই বাসায় অভিযানকালে চার বোতল বিদেশি মদ, আট বোতল তরল সোডা, তিন ক্যান তরল সোডা ও এক হাজার পিচ ইয়াবা নামক ট্যাবলেট জব্দ করা হয়।

 

ওইদিন দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশের মামলাটি বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

 

এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন দুপুরের দিকে সাভার থানায় নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি।

 

এতে নাসির উদ্দিনকে এক নম্বর ও তার বন্ধু অমিকে দুই নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হলেও অজ্ঞাত আসামি করা হয় আরও চারজনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here