হেফাজত নেতাদের বিরুদ্ধে এমপির করা মামলা খারিজ করে দিল আদালত

নজর২৪, চট্টগ্রাম: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজিদুর রহমান ও সদস্য মোবারক উল্লাহসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২২ জুন) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালত মামলাটি খারিজ করে দেন।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন বলেন, হেফাজতে ইসলামের নেতা কর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি ফাইলিং মামলা হিসেবে আদালত গ্রহণ করেন। শুনানি শেষে বিকেলে আদালত মামলাটি খারিজ করে দেন।

 

এর আগে দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

মামলার অন্য আসামিরা ছিলেন, আশরাফুল হাসান তপু, বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ, সোলেমান মোল্লা, এনামুল হক, খালেদ মোশাররফ, মো. জোবায়ের আহমদ, শাহরিয়ার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার। এছাড়াও মামলায় দেড় শতাধিক হেফাজত নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

মামলার এজাহারে বলা হয়েছিল, আসামিরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙচুর করে।

 

পরে ৩১ মার্চ আসামিরা সংবাদ সম্মেলর করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে নিয়ে আসামিরা কুৎসা রটিয়েছেন। এ জন্য আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৭,২৮,২৯,৩১ এবং ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *