কোথায় লকডাউন, আমি তো দেখি না: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেয়া লকডাউন কেন কার্যকর হচ্ছে না, সে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (২২ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা (লকডাউন) ওয়ার্কেবল না কিন্তু। একটাও কাজ করে না। ঢাকাতেও লকডাউন আছে। আপনি লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না।’

 

মির্জা ফখরুল বলেন, যার যেখানে খুশি যাচ্ছে, যার যেখানে যা খুশি করছে, এমনকি বিয়েও হচ্ছে। আমি পরশু দিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে। এই যে সরকারের পুরোপুরি উদাসীনতা এবং এটা লোক দেখানো একটা ব্যাপার। এটা মানুষের সঙ্গে প্রতারণা। তারা দেখাচ্ছে যে, আমরা লকডাউন দিচ্ছি, চেষ্টা করছি।

 

বিএনপির মহাসচিব বলেন, আপনি খেয়াল করে দেখবেন যে, ‘ল অ্যান্ড ফোর্সেস এজেন্সিজ’ যাদের এই লকডাউন ইমপ্লিমেন্ট করার কথা, তাদেরকেও দেখা যায় না আজকাল। দে আর নট ভিজিবল, তারা ভিজিবল না এখন। দেখলাম পত্রিকায় একজন কনস্টেবল মারা গেছেন। তার আবার ছবি দিয়ে বিরাট করে ছাপা হয়েছে। আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে তাদের কোনো কথা নেই।

 

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি, আর বলতে চাই না। বিশেষ প্রাণী পানি খায়, ঘোলা করে খায় আরকি। আমরা বহু আগেও তাদের (সরকার) বার বার সুনির্দিষ্টভাবে বলেছি, করোনা মোকাবিলায় এসব ব্যবস্থা নেওয়া দরকার। তারা নেয়নি। বহুদিন পরে তারা এখন এসব ব্যবস্থা (লকডাউন) নিচ্ছে। এখন বলে বলে আর বলতে ইচ্ছা করে না। কী বলবেন? এদের তো চামড়া মোটা। এই স্বাস্থ্যমন্ত্রীর কবেই পদত্যাগ করা উচিত ছিল। সে করে নাই। দুর্ভাগ্যজনক উল্টো তারা ডিফেন্ড করছে, সবাই সবাইকে। খুব ভালো কাজ করছে। এতো ভালো স্বাস্থ্যমন্ত্রী নাকি আর হয় না।’

 

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সভায় অবিলম্বে করোনার টিকা সংগ্রহ ও বিতরণের রোড ম্যাপ ঘোষণার দাবি জানানো হয়। জনগণ জানতে চায়, সরকার এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য কী ব্যবস্থা গ্রহণ করছে?’

 

এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এনআইডি প্রকল্পের বিষয়ে ইসি চিঠি দেওয়ার পরেও সরকার সরাসরি নাকচ করে দিয়েছে দুই লাইনের একটা চিঠি দিয়ে। এটা একটা অত্যন্ত দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিয়েও তারা (সরকার) একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র করতে যাচ্ছে যাতে তারা জনগণের পরিচয় নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এ হেন সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। সরকারকে তার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *