আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য নারীদের স্বল্প বসনকে দায় দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বিতর্কিত মন্তব্য করার পর ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটে ইমরানের ‘শার্টলেস’ ছবি পোস্ট করে খোঁচা দিয়েছেন।
ইমরানের ‘নারী যদি স্বল্পবসনা হন তাহলে তা অবশ্যই পুরুষদের প্রলোভিত করবে; যদি না তারা রোবট হয়’ মন্তব্যের প্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে তসলিমা বলেছেন, ছেলেরা দেহ প্রদর্শন করলে মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক থাকাকালীন নারীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন সুদর্শন ইমরান। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা। ছবিতে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তার গায়ে কোনও পোশাক নেই।
সেখানে তসলিমা লেখেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’
রাজনীতি শুরুর পর থেকে ইমরান যেসব বিতর্কিত মন্তব্য করেছেন তার সাম্প্রতিক সংযোজন ধর্ষণের জন্য নারীদের স্বল্প বসনকে দায়ী করা।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘যদি মহিলারা ছোট পোশাক পরেন, সেটার প্রভাব পুরুষদের উপর পড়বে। যদি কেউ রোবট হন, তবে অবশ্য তার উপর প্রভাব পড়বে না। এটা সাধারণ জ্ঞানের বিষয়।’
টেলিভিশন চ্যানেলটিতে সরাসরি সম্প্রচার হওয়া ওই সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল- পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণ এবং যৌন হেনস্থার ঘটনা নিয়ন্ত্রণ করতে তার সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে। জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এ ধরনের আচরণ হলো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটি দেশীয় সংস্করণ। আমাদের সংস্কৃতিতে যে বিষয়টি গ্রহণীয় তা অন্য সংস্কৃতিতেও আবশ্যকভাবে গ্রহণীয় হবে, এটা সম্ভব নয়।’
