ঢাকার প্রবেশমুখে কড়াকড়ি, ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরের বাস

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের বিস্তার রোধে ও ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। সকাল থেকেই এ সকল জেলায় লকডাউন শুরু হয়েছে।

 

এদিকে আশপাশের সাত জেলায় কঠোর লকডাউনকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না দূরপাল্লার যানবাহন। দু-একটি গাড়ি ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢোকার চেষ্টা করলেও তাদের পড়তে হচ্ছে শাস্তির মুখে।

 

মঙ্গলবার (২২ জুন) সকালে ঢাকার অন্যতম প্রবেশ পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। মহাসড়কের যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়েছে।

 

এই মহাসড়কে ঢাকার মধ্যে চলাচল করা বাসগুলোকে দেখা গেলেও দূরপাল্লার বাস সেভাবে চোখে পড়েনি।

 

এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল, আমিনবাজার, রায়েরবাজার, যাত্রাবাড়ী এলাকা ঘুরেও একই এ দৃশ্য দেখা গেছে। গাবতলী ব্রিজের আগে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সেখান থেকেই যাত্রীবাহী বাসগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে এবং যাত্রী নামিয়ে দেয়া হচ্ছে।

 

তবে জরুরি সার্ভিসের আওতায় যেসব পরিবহন রয়েছে সেগুলোকে ঢাকায় ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। আমিনবাজার থেকে দীর্ঘপথ পায়ে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন যাত্রীরা। ওদিকে রায়েরবাজার এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

 

সড়কে ব্যারিকেড বসিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে বাইরের জেলা থেকে আসা দূরপাল্লার বাস।

 

ডেমরা ট্রাফিক জোনের উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু শর্মা গণমাধ্যমকে বলেন, ‘নির্দেশনা রয়েছে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে পারবে না এবং কোনো বাস ঢাকায় ঢুকতেও পারবে না। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *