Home প্রধান খবর ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

0
103

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করায় ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কথা জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

 

আজ সোমবার (২১ জুন) রাতে বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

 

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সরকার ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে। এই সাত জেলার ওপর দিয়েই দূরপাল্লার বাস চলাচল করে। যেহেতু লকডাউন তাই গাড়ি যেতে পারবে না। এজন্য আগামীকাল মঙ্গলবার থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ থাকবে।

 

এর আগে সোমবার বিকালে সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এক বৈঠকে সাত জেলায় লকডাউন জারি করা হয়। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এই ৭ জেলাতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না।

 

বিধিনিষেধের সময় এই সাত জেলায় কী কী বন্ধ থাকবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না।’

 

সাত জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বলেই তো দিয়েছি সব বন্ধ, শুধু কয়েকটা সার্ভিস ছাড়া। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here