‘বিএনপির এমপির কাছে খালেদার চেয়ে পরীমনি বেশি গুরুত্বপূর্ণ’

নজর২৪, ঢাকা- বিএনপি সংসদ সদস্য হারুন অর রশিদের কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা পরীমনি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

পরীমনির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি বাজে বিষয়। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। তবে কেউ হেনস্তার শিকার হওয়া ঠিক নয়, আর কেউ অহেতুক হয়রানি হওয়া ঠিক নয়।’

 

ঘটনাগুলো জাতির জন্য গুরুত্বপূর্ণ কি না সেটা নিয়েও প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকা শহরে মধ্যরাতে কোথায় গিয়ে কে মদ্যপান করল আর সেখানে মদ্যপান করতে গিয়ে ভাঙচুর হলো। সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটলো। এটা কি জাতির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ?’

 

এ ঘটনার আলোচনা নিয়েও হতাশা প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বলেন, ‘সেটি (পরীমনি ইস্যু) নিয়ে আমি দেখলাম যে যেভাবে সবাই মত্ত হয়ে গেল, সেটি কি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল?’

 

পরীমনির ঘটনায় সংসদেও আলোচনা হয়েছে। বিষয়টি নজরে আনা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছেন বিএনপিদলীয় গ্রুপের নেতারা। আমার কাছে মনে হল তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাই এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন।’

 

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু ব‌্যক্তি আছে, যারা মনে করেন তারা মহাজ্ঞানী। যখন নিজেরা মনে করেন তারা মহাজ্ঞানী অপরের ভুল না ধরলে তিনি যে জ্ঞানী সেটি প্রমাণ করার সুযোগ হয় না। সেজন্য সব বিষয়ে ভুল ধরার জন্য কিছু ব্যক্তিবর্গ আছে।’

 

তিনি আরও বলেন, ‘দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধু সমালোচনাতেই ব্যস্ত। এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে। তারা কোনো জায়গায় কোনো কিছুর ব‌্যতয় হলে সমালোচনা করবে। কিন্তু একইসঙ্গে দেশের কোনো অগ্রগতি, অর্জন হলে সেটির প্রশংসা করাও তাদের দায়িত্ব। কিন্তু এরা এগুলো করছে না। এগুলোর সঙ্গে কিছু কিছু কাগজেও এদের কথাগুলো ফলাও করে প্রচার করা হয়, যা দুঃখজনক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *