নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ৫৩ দিন পর নিজ বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত ৮টা ১০ মিনিটের সাদা একটি প্রাইভেট কারে করে হাসপাতাল ছাড়েন তিনি। গুলশানে নিজ বাসভবন ফিরোজায় পৌঁছান পৌনে ৯টায়। এ সময় খালেদা জিয়ার ডান পাশে ছিলেন গৃহকর্মী ফাতেমা।
বিএনপি নেত্রীর বাড়ি ফেরা উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ ও রাস্তার মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া ছিল, যেন কেউ ফিরোজার সামনে ভিড় না করেন। এ কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও করোনা আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
সেদিন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে ৩ মে বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।
এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
