নজর২৪, ঢাকা- আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
নিখোঁজ হওয়া নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।
ওই সাংবাদিক হাফিজ আক্তারের উদ্দেশে বলেন, বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডিবি ভূমিকা রেখেছে। আবু ত্ব-হাসহ চারজনের বিষয়ে ডিবি কোনো ব্যবস্থা নিচ্ছে কি না।
জবাবে হাফিজ আক্তার বলেন, ত্ব-হাসহ চারজন ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে। তারা কাজ করছেন, আমরাও কাজ করছি।
‘আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) সহায়তা করবো। এ বিষয়ে অন্যান্য সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে।’
রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত মঙ্গলবার (০৮ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবারের অভিযোগ।
এদিকে বুধবার (১৬ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী সাবেকুন নাহার।
সংবাদ সম্মেলনে সাবেকুন নাহার বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। সে নিখোঁজ কেন? আমি শুধু তার সন্ধান চাই। তাকে যদি আমার কাছে এনে দিতে না পারেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে যান। আমি একজন স্ত্রী হিসেবে জানি না আমার স্বামী কোথায়। আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনারা আমার স্বামীকে ফিরিয়ে দিন। এর বেশি কিছু চাই না। আমি তাকে অনেক ভালোবাসি।’
এর আগে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর খোলা চিঠিও দিয়েছিলেন সাবেকুন নাহার। একই বিষয়ে গত মঙ্গলবার (১৫ জুন) পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিচালক বরাবরও দুটি চিঠি দেন তিনি।
