আবু ত্ব-হার সন্ধান চেয়ে টাঙ্গাইলে মানববন্ধন, সারাদেশে গণআন্দোলনের হুঁশিয়ারি

টাঙ্গাইল প্রতিনিধি- আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সফরসঙ্গীর সন্ধান চেয়ে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুন) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সচেতন ছাত্র ও যুবসমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের অনুষ্ঠিত হয়। এসময় টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার তিন সফরসঙ্গী নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আইন-শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

 

তারা আরও বলেন, পুলিশ চাইলেই সবকিছু সম্ভব হয়, কিন্তু নিখোঁজ আবু ত্ব-হা আদনানদের বেলায় তা হচ্ছে না কেন? এ দেশের নাগরিক হিসেবে নিখোঁজদের সন্ধান চেয়ে দাবি জানানোর অধিকার আমাদের রয়েছে। কিন্তু এতোদিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। দ্রুত ত্ব-হা ও অন্যদের সন্ধান পাওয়া না গেলে টাঙ্গাইলসহ সারাদেশে গণআন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

 

প্রসঙ্গত, রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। ১৩ জুন থেকে তারা নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *