সিলেটে বাড়িতে ঢুকে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা

নজর২৪, সিলেট- সিলেটের গোয়াইনঘাটে বাড়িতে ঢুকে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে ওই নারীর স্বামী। উপজেলার ফতেহপুরের বিন্নাকান্দি গ্রামে মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

 

নিহতরা হলেন আলিমা বেগম, তার ছেলে ১০ বছরের মিজান ও মেয়ে তিন বছরের তানিশা। এছাড়া গুরুতর আহত হয়েছেন আলিমা বেগমের স্বামী হিফজুর রহমান। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এসময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিন জনের জবাই করা ও কুপানো মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল।

 

গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ তিনজন নিহত ও একজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বটি দা দিয়ে কুপিয়ে কে বা করা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *