পরীমনি ভাগ্যবতী, ত্ব-হা’র পরিবারের সেই সৌভাগ্য হয়নি, সংসদে ব্যাপক ক্ষোভ

নজর২৪, ঢাকা- একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ইসলামিক স্কলার আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ হওয়া প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

তিনি বলেন, ‘কোথায় মামলা করবো? কার কাছে মামলা করবো? কার কাছে অভিযোগ করব? কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না, কথাটি বলছিলেন ত্ব-হার (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) স্ত্রী। গত বৃহস্পতিবার থেকে তিনি এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

একই সময় একই ধরনের অভিযোগ করেছেন নায়িকা পরীমনি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে ভাগ্যবতী বলতেই হয়। কেননা তার মামলা নেয়া হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। কিন্তু ত্ব-হার পরিবারের সেই সৌভাগ্য হয়নি।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশের আরও ৬০৪টি পরিবারের সেই সৌভাগ্য হয়নি। যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের ব্যাপারে না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে, না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলছে।

 

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা।

 

বিএনপির এই সংসদ সদস্য বলেন, সরকার বলছে- ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের ঝড়ে (নিখোঁজরা) উড়ে গেছে। তবে ২০১৯ সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন এফআইডিএইচ বলছে, গুমের এই ঘটনাগুলো কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সমন্বিত কৌশল কার্যকরের অংশ। এই ঘটনাগুলোকে নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিণাম বলে বর্ণনা করে এফআইডিএইচ বলছে, যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীকে রাজনৈতিক প্রেক্ষাপটে টার্গেট করা হয়, তাই এই কাজগুলো মানবতাবিরোধী অপরাধ। অর্থাৎ গুমকে তারা মানবতাবিরোধী অপরাধ বলছে।

 

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে যারা এই অভিযোগগুলো করে সেই অভিযোগগুলোকে তদন্ত করা। তদন্ত করে তারা কোথায় হারিয়ে গেছে সেটা বের করা। বারবার বলা হয় বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে- যখন কোনো ব্যক্তিকে গুম করা হয়, পাওয়া যায় না। তখন তার পরিবার বলে আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তার মানে সরকারি দল না করলে, সরকারের মতের সঙ্গে না মিললে সে হাওয়া হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে।

 

বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, আলেম অর্থ আমি যেটুকু বুঝি যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী। আজ তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন। আজ আমাদের যে সমস্ত আলেম এ ধরনের রিমান্ড, গ্রেফতারের সম্মুখীন হয়েছেন তাদের দয়া করে মুক্তি দিন।

 

তিনি বলেন, (তা না হলে) নাগরিক উদ্বেগ এবং দেশে ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাফসির বন্ধ করে দিয়েছেন। গত চার দিন ধরে পত্রপত্রিকায় আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মো. আদনান নিখোঁজ। তার পরিবার তার সন্ধান দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *