ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিরের গাড়িতে হামলা

নজর২৪, সিলেট- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী।

 

এসময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে অন্যগ্রুপ জড়ো হয়।

 

ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ মন্ত্রীর খালাতো ভাই উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে আমার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এগিয়ে এসে আমাদের রক্ষা করেন।

 

অভিযোগের বিষয়ে জানতে যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তারা বক্তব্য জানা যায়নি।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে অশোভন আচরণ করেছে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *