আ.লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁক-ডাকে ভেসে যাবে: কাদের

নজর২৪, ঢাকা- নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতারা এখন কর্মীদের আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল মাত্র।

 

রবিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা জানান ওবায়দুল কাদের।

 

‘বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁক-ডাকে ভেসে যাবে। জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁক-ডাক শুনেছে, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীতনিন্দ্রায় চলে যাওয়াও দেখেছেন তাদের কর্মীরা।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার মানবিক ও সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারও স/ন্ত্রা/স নির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না। তারা নতুন করে আন্দোলনের যে হাঁকডাক দিচ্ছে, তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র।’

 

আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়। অতীতে অনেক হ/ত্যা, স/ন্ত্রা/স আর ষড়যন্ত্র হয়েছে, তাতে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।’

 

বিদেশ নির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ‘দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত’, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে কোনও সংকটময় পরিস্থিতি নেই। বরং বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপিই নিজেদের জন্য সংকট তৈরি করেছে।’

 

সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শবান নেতা হারিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *