Home দেশের খবর ঢাকা সাবেক এমপি রানার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন বড় মনি

সাবেক এমপি রানার বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন বড় মনি

0
78

টাঙ্গাইল প্রতিনিধি- আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

 

বুধবার (৯ জুন ) টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি বাদী হয়ে আদালতে মামলাটি ক‌রেন।

 

প‌রে আদালত মামলা‌টি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব‌্যু‌রো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

 

গোলাম কিবরিয়া বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। তিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি।

 

মামলার বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, সোমবার (৭ জুন) আমানুর রহমান খান রানা টাঙ্গাইল প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেছেন, তার (রানার) বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পির হত্যাকারী গোলাম কিবরিয়া বড় মনি ও তার ছোট ভাই তানভীর হাসান ছোট মনির।

 

তিনি বলেন, এ ছাড়া তারা দুই ভাই (গোলাম কিবরিয়া বড় মনি ও তানভীর হাসান ছোট মনির) জার্মানিতে অস্ত্রের ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করেছেন বলেও উল্লেখ করেছেন সাবেক এমপি। অথচ আমিনুর রহমান খান বাপ্পি হত্যার সাত বছর আগেই তারা দুই ভাই জার্মানিতে চলে যান। দেশে ফেরেন বাপ্পি হত্যার ঘটনার ছয়-সাত বছর পর।

 

বাপ্পি হত্যাকাণ্ডের পর তার বাবা আতাউর রহমান খান বাদী হয়ে যে মামলা করেন, সেখানে গোলাম কিবরিয়া বড় মনি বা তানভীর হাসান ছোট মনির কারো নাম ছিল না। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সেখানেও তাদের কারও নাম নেই।

 

আইনজীবী বলেন, তারা জার্মানিতে মোটরগাড়ি ক্রয়-বিক্রয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অথচ মিথ্যা তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে গোলাম কিবরিয়া বড় মনি ও তার পরিবারের সদস্যদের হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিকভাবে ক্ষতি হয়েছে। এতে তার পাঁচ কোটি টাকার সম্মানহানি হয়েছে।

 

টাঙ্গাইলের আদালত পুলিশের পরিদর্শক তানভির আহমেদ জানান, টাঙ্গাইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।

 

প্রসঙ্গত, গত ১ জুন তপন রবিদাস নামক এক ব্যক্তি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আমানুর রহমান খান রানা তাকে রিভলবার ঠেকিয়ে হত্যার হুমকি দেন।

 

এ অভিযোগ খন্ডন করতে আমানুর গত সোমবার একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে লিখিত বক্তব্যে বড় মনি ও ছোট মনিরের সম্পর্কে অভিযোগগুলো করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here