খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল

নজরজ২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

 

রোববার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, আমি আগেই বলেছিলাম খালেদা জিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই তাদের সুচিকিৎসার কারণে তার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এ জ্বর হয়তো আর আসবে না। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

 

তিনি বলেন, আমাদের দুঃখ হয়, যে নেত্রী আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ১৯৭১ সালে হানাদার বাহিনীর কারানির্যাতন ভোগ করেছেন, তাকে তার চিকিৎসার জন্য আজকে সুযোগ দেওয়া হয় না। বার বার করে বলা হয়েছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। বার বার করে বলা হয়েছে তাকে নিঃসন্দেহে একটা অ্যাডভান্স হসপিটালে-সেন্টারে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। কিন্তু সরকার তাদের প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।

 

জিয়াউর রহমান ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থার শৃঙ্খল থেকে এই জাতিকে মুক্ত করেছেন বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *