নজর২৪, ঢাকা- অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনা টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেছেন, ‘দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।’
শুক্রবার (২৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মহামারি করোনার কারণে একবছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতোমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি তরফ থেকে বলা হচ্ছে, সবাইকে টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমানে টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে স্বাভাবিকভাবে টিকাদান শেষ হতে হয়তো আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেওয়া যায় না। তাই অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাসংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
উল্লেখ্য, দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় বন্ধ বাড়িয়ে এ মাসের ২৯ তারিখ পর্যন্ত করা হয়।
চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ১৩ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানান।
