রাজারহাটে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি- রাজারহাটে পৃথক অভিযান পরিচালনা করে মাদক দ্রব্যসহ রাসেল মিয়া (৩০) ও রতন পাল (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেল উপজেলার সদরের বোতলারপাড় ছাটমল্লিকবেগ গ্রামের নজরুল ইসলামের পুত্র এবং প্রেসক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলামের ছোট ভাই। অপর মাদক ব্যবসায়ী রতন পাল উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী গ্রামের নারায়ন পালের পুত্র।

 

জানা গেছে, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশসহ তাদের সদস্যরা রাসেল মিয়ার শয়ন কক্ষ থেকে প্রায় ৪’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

 

এছাড়া রতন পালকে তার বাড়ি থেকে হিরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা দায়ের হয়েছে। রাসেল ইতোপূর্বেও মাদক দ্রব্যসহ ধরা পড়েছিল বলে জানা গেছে।

 

কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমান ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *