Home প্রধান খবর জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

0
64

নজর২৪, ঢাকা- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সরকারি নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় জামিন দিয়েছেন আদালত। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।

 

রাষ্ট্রপক্ষের জমা দেয়া তথ্য-উপাত্তের (সিডির কপি) ওপর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালত রোববার (২৩ মে) এ আদেশ দেন।

 

আদালতে রোজিনা ইসলামের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন আইনজীবী এহসানুল হক সমাজী, জ্যোতির্ময় বড়ুয়া ও আমিনুল গনি টিটো। রাষ্ট্রপক্ষে ছিলেন সিএমএম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

 

পিপি তার বক্তব্যে বলেন, রোজিনাকে শর্তসাপেক্ষ অর্ন্তবর্তীকালীন জামিন দেয়া যেতে পারে। আসামিপক্ষে এহসানুল হক সমাজী সে বক্তব্য সমর্থন করেন।

 

পুলিশ রোজিনা ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একই সঙ্গে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবীরা।

 

ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেন।

 

পরে ২০ মে দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের শুনানি হয়, যা চলে ২টা পর্যন্ত। আদালত শুনানি শেষে তাৎক্ষণিক আদেশ না দিয়ে নথি পর্যালোচনা করে আজ আদেশের জন্য দিন ধার্য করেন।

 

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হীরণ এবং রোজিনা ইসলামের পক্ষে প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here