চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ বৃহস্পতিবার

নজর২৪ ডেস্ক- সৌদি আরবে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বৃহস্পতিবার।

 

দেশটির চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। আর ঈদ হবে বৃহস্পতিবার। এর অর্থ মধ্যপ্রাচ্যের সবকটি দেশেই ঈদ উদযাপিত হবে সেদিন।

 

সৌদি আরবকে অনুসরণ করে একই দিনে ঈদ উদযাপন হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরও অনেক দেশ। বাংলাদেশের কয়েকটি জেলার শতাধিক গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে করে ঈদ উদযাপন করা হয়।

 

তবে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়। বাংলাদেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে চাঁদ দেখা কমিটি বুধবার বৈঠক ডেকেছে।

 

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

ইসলামিক ফাউন্ডেশন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ দিন রোজা শেষে বৃহস্পতিবার ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে পুরো ৩০ দিন রোজা শেষে ঈদ হবে শুক্রবার।

 

বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোনে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *