Home প্রধান খবর ঘরমুখো মানুষ ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

ঘরমুখো মানুষ ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

0
91

নজর২৪, ঢাকা- মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঈদকেন্দ্রীক ঘরমুখো মানুষের ভিড় ঠেকাতে পাটুরিয়া- দৌলতদিয়া, বাংলাবাজার- কাঁঠালবাড়ি ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

শনিবার (০৮ মে) রাতে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’

 

কোন কোন জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন জানতে চাইলে, তিনি বলেন, ‘দুটো জেলায় বিজিবি মোতায়েন হয়েছে, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে।’

 

নির্দিষ্ট করে সংখ্যা না বললেও, প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনীর এই কর্মকর্তা।

 

জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ আছে। তবে জরুরি সেবা এবং অ্যাম্বুলেন্স পরিবহনের জন্য আলাদাভাবে ২৪ ঘণ্টা খোলা রয়েছে। এসব ফেরিগুলোতে লোকজন বেপরোয়াভাবে উঠে যায়। এ জন্য বিজিবি মোতায়েন থাকছে।

 

করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে শুক্রবার (৭ মে) থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শুক্রবার সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া থেকে ফেরিতে কোনো যানবাহন উঠতে পারেনি।

 

এদিন সকাল ৮টার দিকে একটি ফেরি (এনায়েতপুরী) কোনো যানবাহন ছাড়াই ১২০০ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। বেলা সোয়া ১১টার দিকে ফেরিটি শুধুমাত্র যাত্রী নিয়েই শিবচরের বাংলাবাজার ঘাটে এসে পৌঁছায়।

 

এ অবস্থায় মধ্যরাতে বিআইডব্লিউটিসি থেকে ঘোষণা দেওয়া হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের বিস্তার রোধে শনিবার থেকে শিমু‌লিয়া-বাংলাবাজার ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

 

তবে শনিবার ভোর থেকে ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে জড়ো হতে শুরু করেন। যাত্রীদের রোষানলে পড়ে শেষ পর্যন্ত ফেরি চালাতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ।

 

শনিবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১১ হাজার যাত্রী নিয়ে তিনটি ফেরি মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here