আইপিএল শেষ করতে না পারলে ক্ষতি হবে ২৫০০ কোটি : সৌরভ

স্পোর্টস আপডেট ডেস্ক- ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই জোর গলায় বলেছিল, তাদের বায়ো-বাবল সবচেয়ে নিরাপদ। এখানে করোনাভাইরাস কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আইপিএল বায়ো-বাবলের মধ্যে ক্রিকেটাররা সবচেয়ে বেশি নিরাপদ। যে কারণে দিল্লির মত মহামারি সংক্রমণ এলাকায়ও আইপিএলের ম্যাচ আয়োজন করতে পিছপা হয়নি বিসিসিআই।

 

কিন্তু বিসিসিআইয়ের সেই গর্ব-অহঙ্কার আর ঠিক থাকেনি। বেশ কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করে দিতেই বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

আর স্থগিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। কবে হবে আইপিএলের বাকি অংশ। এই ব্যাপারে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ নিজেদের আগ্রহের কথাও জানিয়েছে। তবে যদি কোনো কারণে আইপিএল শেষ না করা যায়, তাহলে আড়াই হাজার কোটি রুপি ক্ষতির আশঙ্কা করছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

 

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। যেখানে সৌরভ বলেন, ‘যদি আমরা আইপিএল শেষ করতে ব্যর্থ হই। তাহলে আমাদের আড়াই হাজার কোটির কাছাকাছি রুপি ক্ষতি হবে। এটা আমাদের প্রাথমিক অনুমান।’

 

তিনি আরও বলেন, ‘অনেক কিছুই বদলে যাবে। মাত্র একদিন হয়েছে আমরা আইপিএল স্থগিত করেছি। আমাদের অন্য কোনো বোর্ডের সঙ্গে কথা বলতে হবে। এবং খুঁজে বের করতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা উইন্ডো ফাঁকা পাওয়া যায় কি না। এখানে অনেক কিছুই জড়িত এবং আমরা ধীরে ধীরে এসব বিষয়ে কাজ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *