নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি এবং মানুষের জীবন আরও কল্যাণময় হওয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে রমজানের জুমাতুল বিদা (শেষ জুমা)।
রাজধানী ও এর বাইরের মসজিদগুলোতে পবিত্র রমজানের শেষ জুমায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি। ঢাকার অনেক মসজিদেই মুসল্লিদের সারি পাশের সড়কেও ছড়িয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে স্বাভাবিক সময়ের চেয়ে কম মুসল্লি দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় কর্তৃপক্ষের নানা উদ্যোগ থাকায় মুসল্লিদের মধ্যে মাস্ক ব্যবহার, দূরত্ব রক্ষার বিষয়টি লক্ষণীয় ছিল।
নামাজ আদায়ের পর আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় ভয়াবহ প্রাদুর্ভাব হতে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য।
নামাজ শেষে এক মুসল্লি বলেন, সময়টা খুব খারাপ যাচ্ছে। করোনায় বিপর্যস্ত বিশ্ব। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করেছি। তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, রক্ষা করেন। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করে দেন।
