অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক- দীর্ঘদিনের দাম্পত্যসঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের সময় ঠিক করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সবকিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের গ্রীষ্মে (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়) বিয়ে করবেন তিনি।

 

স্থানীয় সময় বুধবার কোস্ট রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আরডার্ন এ কথা জানান বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

দুই বছর আগে বাগদান হয় গেফোর্ড ও আরডার্নের। দুজন ঠিক কোন দিন বিয়ে করছেন, তা জানাননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আরডার্ন ও গেফোর্ড জুটির নেভ নামে দুই বছর বয়সী মেয়ে রয়েছে।

 

২০১৮ সালে সন্তানের মা হন আরডার্ন। এটি ছিল আধুনিক ইতিহাসে নির্বাচিত কোনো নেতার সন্তান জন্মদানের দ্বিতীয় ঘটনা। মেয়ে নেভকে দেখভালের পাশাপাশি টেলিভিশনে মাছ ধরা নিয়ে একটি শো উপস্থাপনা করেন গেফোর্ড।

 

৪০ বছর বয়সী আরডার্ন ও ৪৪ বছর বয়সী গেফোর্ড প্রথাগত বিয়ের অনুষ্ঠান করতে চাইছেন না। বিয়ের অনুষ্ঠানকে পুরোনো চল মনে করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

 

এদিকে বিয়ে নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের করা প্রশ্নের জবাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এ বিষয়ে মর্নিং শোর বক্তব্যের বাইরে বলার কিছুই নেই।

 

২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করে ইতিহাসের পাতায় নাম লেখান জাসিন্ডা আরডার্ন। অন্তঃসত্ত্বা অবস্থায় দায়িত্বপালন করা হাতেগোনা কয়েকজন নির্বাচিত সরকারপ্রধানের মধ্যেও তিনি অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *