মুখ্যমন্ত্রী পদে টানা তৃতীয় দফায় মমতার শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক- তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ১৪ মিনিটের দিকে ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কালীঘাটের বাড়ি থেকে রাজভবনের উদ্দেশে যাত্রা করেন মমতা।

 

সেখানে বেলা ১১টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকড়। এর মধ্য দিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার কৃতিত্ব অর্জন করেন মমতা। এর আগে বিধান রায় ও জ্যোতি বসু তিনবার করে মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের।

 

ভারতে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে অনাড়ম্বরভাবে ঐতিহাসিক এ শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সব মিলে ৫০ জনের মতো অতিথি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত হতে পারেননি।

 

তালিকায় নাম থাকা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও অনুষ্ঠানে ছিলেন না। এ ছাড়া ভোট পরবর্তী সহিংসতার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতার শপথ অনুষ্ঠান বয়কট করেন।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য।

 

শপথ গ্রহণ শেষে মমতা বলেন, তার সরকারের প্রথম কাজ রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা। রাজভবন থেকে সরাসরি নবান্নে গিয়ে বৈঠকে বসবেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

 

গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *