খালেদা জিয়ার শ্বাসকষ্ট, নেওয়া হলো সিসিইউতে

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে। তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

 

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তার ফুসফুসে পানি জমেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পানি বের করবে হয়তো। তবে অবস্থা যে ভালো তাও বলা যাচ্ছে না।’

 

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। আপাতত আপনারা এটুকুই জানুন। পরে বিস্তারিত জানানো হবে।

 

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খুব লো টাইপের করোনা পজিটিভ এসেছে তার (খালেদা জিয়ার)।

 

এদিকে গত ৩০ এপ্রিল খালেদার করোনা আক্রান্ত ৮ জন স্টাফের সবাই সুস্থ হন। তবে তিনি করোনামুক্ত হয়েছেন কি না সে সময় এ বিষয়ে মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউ। চিকিৎসকরা বলছিলেন, তার শরীরে এখন করোনার কোনো উপসর্গ নেই। তিনি এখন এভার কেয়ার হাসপাতালে নন করোনা ইউনিটে ভর্তি আছেন।

 

এরপর শনিবার (১ মে) চিকিৎসকরা বলছিলেন, শুক্র ও শনিবার মে দিবসের সরকারি ছুটির কারণে এই দুদিন ঠিকমতো খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা যায়নি। ফলে হাসপাতাল থেকে তার বাসায় ফিরতে কয়েকদিন সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *