Home প্রধান খবর আকরামকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

আকরামকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

0
76

নজর২৪, ঢাকা- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে সাদা পোশাকে তুলে নেয়ার পর রাজধানী শাহবাগের একটি ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

 

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার বিবরণে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

তখন আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে জোর করে নিয়ে যায়।

 

এ ঘটনায় একই দিন শাহবাগ থানায় একটি মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান করিব।

 

ওই মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহরাব, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ ১৯ জনকে আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here