আনভীরের গ্রেপ্তার দাবিতে সমাবেশের ডাক ছাত্র ফ্রন্টের

নজর২৪, ঢাকা- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

 

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রির) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

বুধবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে আমরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।

 

তিনি বলেন, মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এসময় তিনি সবাইকে এ প্রতিবাদে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন।

 

গত ২৬ এপ্রিল সোমবার রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে ওই তরুণীর লাশ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে আসামী করা হয়।

 

এদিকে, এ ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

 

বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *