Home প্রধান খবর রোববার থেকে দোকান-শপিংমল খোলা

রোববার থেকে দোকান-শপিংমল খোলা

0
72

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ২৫ এপ্রিল থেকে খুলবে দোকানপাট ও শপিংমল। তবে বিকিকিনির সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিপুল সংখ্যক মানুষের জীবন ও জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি-না, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, চলমান লকডাউনের মধ্যে দোকানপাট ও বিপণিবিতান খুলবে কি-না, এ বিষয়ে সরকার রোববার সিদ্ধান্ত জানাবে। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করেছিলো সরকার। পরে তা শিথিল করে শুধুমাত্র সিটির মধ্যে সীমিত আকারে যান চলাচল ও নির্দিষ্ট সময়ের জন্য খুলে দেওয়া হয় শপিংমল।

 

আবার সংক্রমণ বাড়ায় ১৪ এপ্রিল থেকে আবারও সাতদিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন আরোপ করা হয়। পরে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশক্রমে এর মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে নিত্যপ্রয়োজনীয় ছাড়া অন্য সকল ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here