নজর২৪, চট্রগ্রাম- করোনার নামে লকডাউন দিয়ে মসজিদে জামাতে নামাজ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।
রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
হেফাজতের আমির বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ নেই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক। আমরা আমাদের অবস্থানে কাজ করি আগের মতো। হেফাজত কখনো সরকার পতনের জন্য আন্দোলন করেনি। বর্তমান সরকার ১০০ বছর ক্ষমতায় থাকলেও কোনো আপত্তি নেই। কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে হেফাজত তার বিরুদ্ধে কথা বলে।’
বাবুনগরী বলেন, ‘করোনার নামে লকডাউন দিয়ে মাদরাসা বন্ধ করা যাবে না। মসজিদের জামাত বন্ধ করা যাবে না। তারাবির নামাজ চলবে, জুমা চলবে। পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ জন করে নামাজ আদায় করবে, তা মানা যাবে না। এগুলো শরিয়ত পরিপন্থি, শরিয়তবিরোধী কথা।’
তিনি বলেন, ‘কওমি মাদরাসায় একটা কালেকশন আসে রমজান মাসে। এই লকডাউন দিয়ে এগুলো বন্ধ করতে চাচ্ছে সরকার।’
এ সময় তিনি আরো বলেন, যেখানে হেফজখানার ছাত্ররা কুরআন-হাদীস তেলাওয়াত করে ইনশাহআল্লাহ কুরআনের বরকতে, হাদীসের বরকতে সেখানে করোনা আসবে না।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৈঠক শেষে আগামী ২৯ মে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন ঘোষণা করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেফতারের নিন্দা জানান বাবুনগরী।
রমজানে নূরানী ও হিফজ বিভাগগুলো খোলার অনুমতি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুনির কাসেমী প্রমুখ।
