Home প্রধান খবর কঠোর লকডাউনেও শিল্প-কারখানা খোলা রাখার সিদ্ধান্ত

কঠোর লকডাউনেও শিল্প-কারখানা খোলা রাখার সিদ্ধান্ত

0
79

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে গণপরিবহন ও অফিস আদালত বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকসহ সব শিল্প-কারখানা খোলা থাকবে। এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা প্রজ্ঞাপন আকারে সোমবার (১২ এপ্রিল) ঘোষণা করা হতে পারে।

 

রোববার (১১ এপ্রিল) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল একটি বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীরা নানা যুক্তি তুলে ধরে লকডাউনে কারখানা খোলা রাখার দাবি জানান। এরপর সরকারের পক্ষ থেকে কারখানা খোলা রাখার আশ্বাস দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, বৈঠকে আমরা বলেছি, কারখানা খোলা থাকলে শ্রমিকরা করোনায় কম আক্রান্ত হবেন। বিষয়টি বুঝাতে পেরেছি। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের বলা হয়েছে, আগামীকাল কারখানা খোলা রাখার প্রজ্ঞাপন জারি করা হবে।

 

বৈঠকে অংশ নেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

 

বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার আগামী বুধবার থেকে সম্পূর্ণ লকডাউন করলেও ওই সময়ে শিল্প-কারখানা চলবে। মন্ত্রিপরিষদ সচিব আমাদের নিশ্চিত করে বলেছেন, লকডাউনে শিল্প কারখানা ছাড়া সব বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকলে আমদানি রফতানিতে সমস্যা হবে, এটি মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হলে তিনি পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আজ বা আগামীকাল এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

 

এর আগে রোববার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতায় চলবে আগামী কাল ও পরশু (১২ ও ১৩ এপ্রিল)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

 

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার পরিকল্পনা ছিল সরকারের। তবে উন্নত বিশ্বে লকডাউন ঘোষণা করা হলেও রফতানিমুখী শিল্প কারখানায় উৎপাদন অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here