খালেদার করোনা পরীক্ষার নমুনা দেওয়ার খবরটি ভুয়া

নজর২৪, ঢাকা- করোনা পরীক্ষা করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নমুনা নেওয়া হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন।

 

শনিবার (১০ এপ্রিল) বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ ও তিনি খালেদা জিয়ার ডায়াবেটিস পরীক্ষা করেছেন বলে জানান।

 

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হচ্ছে—এমন ভুয়া সংবাদ কে ছড়িয়েছে জানি না। এজন্য অনেকেই আমাকে ফোন করছেন। আসলে বিষয়টি সঠিক নয়।

 

ডা. মামুন বলেন, আমি প্রায় প্রতিদিনই চেকআপের জন্য তার (খালেদা জিয়া) বাসায় যাই। আজও গিয়েছিলাম। আমি যখন যাই তখন আমার সঙ্গে টেকনোলজিস্ট সবুজও যান। আমরা ডায়াবেটিস ও অন্যান্য বিষয়গুলো নিয়মিত চেকআপ করি। তবে করোনা পরীক্ষার জন্য তার কোনো নমুনা নেওয়া হয়নি।

 

উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল।

 

দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারি বৃদ্ধি পাওয়ার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *