আগের সব রেকর্ড ভেঙ্গে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৭৭ জনের

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ৩৪৩ জনের শরীরে।

 

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৬১ জনে পৌঁছেছে।

 

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ৩৭৮ জন।

 

এ সময়ে ২৫ হাজার ১৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৫৩ জন পুরুষ, বাকি ২৪ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়া ৯ হাজার ৬৬১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ২২৬ জন, নারী ২ হাজার ৪৩৫ জন।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৫১ জন। এছাড়া চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৩, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ এবং রংপুরে ৪ জন মারা গেছেন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ২২, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

 

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৭ হাজার ৪৬২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *