পুরোনো ভিডিও লাইভ করে গ্রেফতার আজিজুল মোল্লা

নজর২৪ ডেস্ক- পূর্বে ধারণ করা ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

 

গ্রেফতার ব্যক্তির নাম মো. আজিজুল হক ওরফে আজিজুল মোল্লা (৩২)। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

 

গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি আশরাফউল্লাহ বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য radiogulistan.com এবং আজিজুল হক নামক ফেসবুক পেজ থেকে পূর্বের রেকর্ডকৃত ভিডিও বিশেষ প্রক্রিয়ায় লাইভ হিসেবে প্রচার করে। যার পরিপ্রেক্ষিতে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

 

তিনি বলেন, মামলা দায়েরের পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এর সঙ্গে জড়িত প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (৮ এপ্রিল) কামরাঙ্গীর চর থানার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার আজিজুলকে রমনা মডেল থানার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এ আদেশ দেন।

 

এ দিন রমনা থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আজিজুল হককে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *