Home প্রধান খবর যে কারণে ‘শিশুবক্তা’ রফিকুল মাদানীকে আটক করেছে র‍্যাব

যে কারণে ‘শিশুবক্তা’ রফিকুল মাদানীকে আটক করেছে র‍্যাব

0
162

নজর২৪ ডেস্ক- ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাবের ভাষায়, তাকে ‘রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে নেত্রকোনা থেকে আটক করা হয়।

 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান জানান, রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

 

তিনি বিভিন্ন স্থানে ওয়াজে বক্তব্য দিয়ে পরিচিতি লাভ করেছেন। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বাংলাদেশে যেসব বিক্ষোভ হচ্ছে তার কয়েকটিতে খুব কড়া ভাষায় বক্তব্য দিতে দেখা গেছে রফিকুল ইসলামকে।

 

ফেসবুক ও ইউটিউবে তার যেসব ছবি ও ভিডিও আছে, তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কণ্ঠ, শারীরিক গঠন ও মুখাবয়বের কারণে তাকে কম বয়েসী ছেলেদের মত মনে হয়। ছোটখাটো গড়নের এই মানুষটির বয়স সম্পর্কে স্পষ্ট কোন তথ্য নেই, তবে তার বয়স কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে বলে একটি ধারণা প্রচলিত আছে।

 

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, “তার আসল বয়সটা আমাদের জানা নেই। তবে তিনি বয়সে শিশু নন, তা আমরা নিশ্চিত করে বলতে পারি।”

 

ইউটিউবে তার কয়েকটি ওয়াজের ভিডিওতে দেখা যায়, তিনি তার নামের সাথে ‘শিশু বক্তা’ যোগ করার প্রতিবাদ করেন এবং নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে দাবি করেন। তাকে তার অনুসারীরা রফিকুল ইসলাম মাদানি নামে সম্বোধন করেন।

 

র‍্যাবের খন্দকার আল মঈন জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হওয়া সহিংসতার প্রেক্ষিতে রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় ‘রাষ্ট্রবিরোধী’, ‘উস্কানিমূলক’ বক্তব্য দিয়ে আসছেন বেশ কিছুদিন ধরেই। সেসব বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে।

 

এর আগে ২৫শে মার্চ ঢাকার বায়তুল মোকাররমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে চলা বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here