নজর২৪, ঢাকা- লকডাউনেও তীব্র যানজট রাজধানীতে। দুই একটি সড়কে যান চলাচল কম থাকলেও অধিকাংশ এলাকায় যানবাহনের চাপ বেশি।
অলি-গলিতে খুলেছে বিভিন্ন পণ্যের দোকান। কারণ ছাড়াও রাস্তায় বের হচ্ছেন মানুষ। সকাল থেকে রামপুরা, গুলশান, প্রগতি সরণি ও ধানমন্ডি এলাকায় যানবাহনের চাপ দেখা যায়। গণপরিবহন বন্ধ থাকলেও প্রাইভেট কারে চলাচল বেশি।
রাস্তায় সিএনজি ও রিকশার সংখ্যাও বেড়েছে। রাস্তায় বের হওয়া মানুষের দাবি, অধিকাংশ জায়গায় অফিস খোলা তাই বের হতে হচ্ছে তাদের। প্রয়োজন ছাড়া মানুষের চলাচল ঠেকাতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানও কঠোর নয়।
এদিকে করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে এক সপ্তাহের জন্য গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
